তিয়া সকালে খবরের কাগজ পড়ছিলো।
হঠাৎ ওদের বাড়ির কলিংবেল বেজে উঠলো।দরজা খুলে দেখে মিমি ও একজন ব্যক্তি, সৌম্যকান্তি চেহারার এক ভদ্রলোক।
মিমি ঢুকে বললো,“আমাদেরই খোঁজ করছিলেন পাড়ার লোকদের কাছে। আমি দেখে নিয়ে এলাম।”
তিয়া ভদ্রলোককে বললো,“আপনি বসুন, আমি আসছি।”
বলে তিয়া মাকে খবর দিয়ে এলো। বাবা আজকে কলেজে গেছেন। তাই বাড়িতে এখন তিয়া আর তিয়ার মা আছেন।
তিয়া এসে বললো,“বলুন আপনার সমস্যাটা।”
ভদ্রলোক গলা খ্যাঁকারি দিয়ে বললেন,“আমার নাম রাজেন্দ্র সরকার। আমি আগে কলেজে ইতিহাস পড়াতাম। তোমার বাবা আমার ছাত্র ছিলো।”
“আপনি প্রোফেসর সরকার না! বাবার মুখে আপনার নাম অনেকবার শুনেছি। বাবা এখন বাড়ি নেই, যদি থাকতেন আপনাকে দেখে খুব খুশি হতেন।”
“হ্যাঁ, সে জানি। কিন্তু আজ আমি আমার কটা সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। আগে তোমাদের কয়েকটা জিনিস দেখাই।” বলে কয়েকটা চিরকুট বার করলেন।
তিয়া আর মিমি সেগুলো হাতে নিয়ে দেখলো প্রথমটাতে লেখা,‘সাবধান!’। দ্বিতীয়টাতে লেখা,‘এবার প্রস্তুত হও!’। আরেকটাতে লেখা,‘যে অমূল্য সম্পদ তুমি হাতিয়েছ, তা তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে।’
মিমি জিজ্ঞেস করলো,“সত্যি কি আপনার কাছে কোনো অমূল্য সম্পদ আছে?”
“আমি চার বছর হলো রিটায়ার করেছি। তারপর ইতিহাসের ওপর রিসার্চ করতে শুরু করি। আসলে শশাঙ্কের আমলের কিছু মুদ্রা এসেছিলো। যেগুলো কর্ণসুবর্ণতে পাওয়া গিয়েছিলো। কর্ণসুবর্ণ যে শশাঙ্কের রাজধানী ছিলো নিশ্চয়ই জানো?”
তিয়া বললো, “হ্যাঁ ইতিহাসে পড়েছি। এটা তো মুর্শিদাবাদের কাছে না?”
“হ্যাঁ। মুর্শিদাবাদে চিরুটি বলে একটা জায়গা আছে, সেখানে।”
তিয়ার মা চা দিতে আসায় কথা বন্ধ হয়ে গেলো। মা এসে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন।
প্রফেসর সরকার আবার বলতে শুরু করলেন,“তো যেটা বলছিলাম, ওই মুদ্রাগুলো আমি আমার এক সিনিয়রের কাছে পেয়েছিলাম। বলা যায় আমার গুরু। মৃত্যু হওয়ার আগে উনি আমাকে এগুলো দিয়ে যান। আসলে ওনার ইচ্ছে ছিলো এই বিষয় নিয়ে রিসার্চ করার। কিন্তু, ক্যানসার হওয়ার পর শরীর আর টানলো না, চলে গেলেন। কুড়ি বছর আগে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমি যাতে ওনার রিসার্চ সম্পূর্ণ করি। নিজে বিয়ে করেননি। কিন্তু আমাকে খুব ভালোবাসতেন।”
মিমি বললো,“হুম, আচ্ছা আপনার বাড়িতে কে কে আছেন?”
“বাড়িতে আছে বলতে আমার চাকর মাধব, আর অ্যাসিস্টেন্ট রাজীব। মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করে, আর স্ত্রী পাঁচ বছর হলো গত হয়েছেন।” একটু থেমে আবার বলতে শুরু করলেন,“আমি চাই আমার যদি এর মধ্যে কিছু হয়ে যায় এই পুরো ব্যাপারটার ইনভেস্টিকেশন তোমরা করবে। এই পুরো ব্যাপারটায় তোমাদের রাজীব সাহায্য করবে। আমি রাজীবকে বলে রেখেছি সব। আমাকে হয়তো এর মধ্যে কিডন্যাপ বা মেরে ফেলা হবে। আর আমার সাথে এই শত্রুতা আমার চেনা পরিচিতই কেউ করছে।”
তিয়া বললো,“আপনি এভাবে কেনো ভাবছেন? এমনও তো হতে পারে কেউ এগুলো মজা করে করছে। আমরা হয়তো এতে আপনার কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু আমরা কাল আপনার বাড়িতে নিশ্চয়ই যাবো।”
প্রোফেসর সরকার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,“ঠিক আছে, কাল এসো। আর এটা আমার কার্ড।” বলে একটা কার্ড বের করলেন। “এতে আমার ঠিকানা, কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করে নিও। এবার আমি উঠি।” বলে উনি দরজা দিয়ে বেরিয়ে গেলেন।
উনি চলে যাবার পর মিমি বললো,“কি বুঝছিস তিয়া?”
তিয়া শুধু বললো,“ব্যাপারটা খুব প্যাঁচালো।”
পরদিন সকালে তিয়া সবে ঘুম থেকে উঠেছে। হঠাৎ করে মোবাইলে একটা ফোন আসে। তিয়া একটু অবাকই হয়। এত সকালে তো কেউ ফোন করে না সাধারণত।ফোন তুলে শুনতে পায় একটা মোলায়েম কন্ঠস্বর।
“হ্যালো, রুপকথা কথা বলছো?”
“হ্যাঁ বলছি। আপনি?"
“আমি রাজীব ঘোষ, প্রফেসর সরকারের সেক্রেটারি।”
“ও ,হ্যাঁ বলুন। প্রফেসর সরকার ঠিক আছেন তো?”
ওপাশ থেকে মনে হলো একটা দীর্ঘশ্বাস পড়লো।
“না। ওনাকে কিডন্যাপ করা হয়েছে।”
তিয়া অবাক হয়ে বললো,“কখন? কীভাবে?”
“সব বলবো। কিন্তু তাহলে তোমাদের একটু এ বাড়িতে আসতে হবে। তাহলে ভালোভাবে গুছিয়ে বলতে পারবো।”
“নিশ্চয়ই, আমরা এক্ষুণি চলে আসছি।”
তিয়া ফোন রেখে মিমিকে ফোন করে সবটা জানালো। বাবা শোনার পর বাবাও যেতে চাইলেন। তিয়ারা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো।
প্রফেসর সরকারের বাড়িতে গিয়ে দেখলো বাড়ির সামনে একজন বছর সাতাশের যুবক দাঁড়িয়ে। সে সামনে এগিয়ে এসে বললো,“আমার নামই রাজীব ঘোষ। তোমরা ভেতরে এসো।”
ওরা বাড়ির ভেতরে গেলো। বসার ঘরটা মোটামুটি ছিমছাম। ঘরে ঢুকেই একটা বড়ো সোফা। তার পাশে একটা বুককেস, যার বেশির ভাগটাতেই ইতিহাসের বই। সোফার সামনে একটা টি-টেবিল। তিয়ারা সোফাটাতেই বসলো। রাজীব বাবু একটা বেতের মোড়া এনে তাতে বসলেন।
রাজীব বাবু বললেন,“আপনারা কি খাবেন বলুন?”
তিয়া বললো,“না না সে সবের কোনো দরকার নেই। আপনি আমাদের শুধু সবটা খুলে বলুন।”
রাজীব বাবু বলতে শুরু করলেন,“স্যার প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াকে যেতেন। কিন্তু আজ দেখলাম স্যারের ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে। স্যার পাঁচটার মধ্যেই প্রত্যেকদিন ঘুম থেকে উঠে পড়েন। কিন্তু আজ কেনো উঠলেন না বুঝতে পারছিলাম না। অনেকবার ডাকলাম সাড়া দিচ্ছিলেন না। তারপর আমি আর মাধবদা মিলে দরজা ভাঙলাম। দেখলাম স্যার নেই। একটা চিরকুট ছিলো। এই দেখো!”
রাজীব বাবু ওদের চিরকুটটা বের করে দেখালেন। তিয়া মিমি ভালো করে দেখলো। বাবাও ঝুঁকে পড়ে দেখলেন। চিরকুটে লেখা আছে, ‘প্রফেসর সরকার এখন আমার জিম্মায়।’
মিমি বললো,“আচ্ছা প্রফেসর সরকারের কাছে তো শশাঙ্কের আমলের কিছু মুদ্রা ছিলো। সেগুলো ঠিক আছে?”
রাজীব বাবু শুকনো হেসে বললেন,“স্যার যে সেগুলো কোথায় রেখেছেন আমি নিজেও জানি না। আর তাছাড়া যখন থেকে এই চিঠিগুলো আসতে শুরু করে তখনই স্যার বলেছিলেন এগুলো কোনো সুরক্ষিত জায়গায় রাখতে হবে। কারুর হাতের নাগালে যেনো না আসে। তারপর উনি কোথায় ওগুলো রেখেছেন আমি বলতে পারবো না।”
তিয়া বললো,“এই মুদ্রার ব্যাপারটা আর কে কে জানতো?”
রাজীব বাবু একটু ভেবে বললেন,“তেমন কারুর সাথে তো আলোচনা করেননি। তবে, যতদূর জানি ডক্টর আরিকুল আহমেদ আর প্রফেসর আশুতোষ রায়ের সাথে এ ব্যাপারে আলোচনা করেছিলেন। আর কেউ জানতেন বলে তো মনে পড়ছে না। আসলে স্যার আমাকে সবকিছুই বলতেন। কার সাথে কি কথা হলো, কোথায় যেতেন, সব। আমায় খুব ভরসা করেন আসলে।”
এতক্ষণে বাবা মুখ খুললেন,“আমি ডক্টর আহমেদ আর প্রফেসর রায়কে চিনি। খুব বড়ো মাপের ইতিহাসবিদ এঁরা।”
তিয়া বললো,“বাঃ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ওনার মেয়ের এসব ইতিহাসের বিষয়ে আগ্ৰহ আছে?”
রাজীব বাবু বললেন,“না, সৌমির এসব ব্যাপারে কোনো আগ্ৰহ নেই। পিওর সাইন্সের স্টুডেন্ট, দিল্লীতে হোস্টেলে থেকে পড়াশোনা করে। খবরটা জানিয়েছি, আজকের রাতের ফ্লাইটে চলে আসবে।”
মিমি বললো,“আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আর প্রফেসর সরকারের সাথে কতদিন আছেন?”
“আসলে আমিও ইতিহাস নিয়েই পড়াশোনা করেছি, ওই প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। স্যারের রিসার্চের বিষয়ও ছিলো ওটাই। আসলে আমি এখনও পড়াশোনা করছি। আমার বাবা মা নেই। বছর চারেক আগে আমার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবার এক বন্ধুর কাছে প্রফেসর সরকার এই বিষয়ে জানতে পারেন। তারপর উনি এখানে নিয়ে আসেন, তখন থেকে আমি এখানেই।”
তিয়া বললো,“লাস্ট কোয়েশ্চেন, এ বাড়ির চাকর মাধবদা কতদিন আছেন? আর পুলিশকে খবর দিয়েছেন?”
“যতদূর জানি, মাধবদা এবাড়িতে প্রায় পনেরো বছর আছে। আর পুলিশকে তো খবর দেওয়া হয়নি।”
“ঠিক আছে, পুলিশকে আপনি খবরটা দিন। ওনারা অনেকটা সাহায্য করবেন। আর পাশাপাশি আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এতোটা সময় দেওয়ার জন্য। এবার এই বাড়িটা একটু ঘুরে দেখতে চাই, সাথে প্রফেসর সরকারের ঘরটাও দেখবো।”
রাজীব বাবু বললেন,“নিশ্চয়ই।”
তিয়া প্রফেসর সরকারের বাড়ি দেখে ফেরার পর বাবাকে বলেছিলো,“বাবা,তোমাকে একটা কাজ করতে হবে। তোমার তো ডক্টর আহমেদ আর প্রফেসর রায়ের সাথে চেনাজানা আছে। আমাদের সাথে ওনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দাও না। আমরা ওনাদের সাথে কথা বলতে চাই।”
বাবা বললেন,“হ্যাঁ, এ আর এমন কি ব্যাপার?”
তারপর যখন সন্ধ্যাবেলায় তিয়া পড়তে বসে ছিলো তখন বাবা খবর দিলেন যে কাল ডক্টর আহমেদ ওদের টাইম দিয়েছেন দুপুর একটা। কিন্তু মাত্র কুড়ি মিনিট ওনার সাথে কথা বলা যাবে। তারপর ওনা কে কোন সেমিনার অ্যাটেন্ড করতে যেতে হবে। আর প্রফেসর রায় টাইম দিয়েছেন সন্ধ্যা ছটায়। সেই কথামতো ওরা এখন ডক্টর আহমেদের বসার ঘরে বসে আছে। আজ রাজীব বাবু ওদের সাথে এসেছেন। বাবার কিছু কাজ থাকায় আসতে পারেননি।
ডক্টর আহমেদের বাড়ির অবস্থা সত্যি খুব শোচনীয়। ড্রয়িংরুম পুরোটাই বইয়ে ভর্তি। একপাশে একটা ছোটো সোফা আছে। তাতেই ওরা তিনজন ঘেঁষাঘেঁষি করে বসেছে। ডক্টর আহমেদ এসে একটা চেয়ারে বসে বললেন,“আমার কিন্তু হাতে বেশি সময় নেই। যা প্রশ্ন করার তাড়াতাড়ি করো।”
তিয়া শান্ত গলায় বললো,“আমরা বেশি প্রশ্ন করবো না। আপনার সাথে প্রফেসর সরকারের আলাপ কীভাবে হলো?”
ডক্টর আহমেদ খিটখিটে গলায় বললেন,“যেভাবে হয়, একটা সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। সেখানে গিয়েই সরকারের সাথে আলাপ। প্রথমে আমার পিছনে ঘুরঘুর করছিলো। গায়ে পড়ে তো ও-ই প্রথম আলাপ করলো। সেদিনই তো বললো আমার সাথে দেখা করতে চায়। আমিও টাইম জানালাম। তারপরই তো কিসব ওই মুদ্রার কথা বললো। আমি জানি এইসব গুজব। শশাঙ্কের আমলের মুদ্রা ওর কাছে আসবে কি করে!”
মিমি বললো,“আপনি কি এসবের জন্য প্রফেসর সরকারের ওপর হিংসা করেন?”
“থামো তো হে খুকি!” গর্জে উঠলেন ডক্টর আহমেদ। “আমি ওর ওপর হিংসা করতে যাবো কেনো!”
তিয়া বললো,“আপনি প্লিজ থামুন। ও মুখ ফসকে বলে ফেলেছে। আচ্ছা আপনিও তো প্রাচীন বাংলার ওপর রিসার্চ করছেন।ন্যাশানাল লাইব্রেরী থেকে আপনি কোনো এক দুর্মূল্য পুঁথি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন না? বাই দ্য ওয়ে আমাদের আর কোনো প্রশ্ন নেই। রাজীব বাবু চলুন।”
ডক্টর আহমেদের মুখটা দেখার মতো ছিলো।
রাজীব বাবুও এতক্ষণ স্তব্ধ দর্শকের মতো বসে ছিলেন। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তিয়া দরজার কাছে গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে বললো,“আর মুদ্রার ব্যাপারটা আসল নাকি গুজব সেটা আমরা আপনাকে নিশ্চয়ই জানাবো, আসি।”
তিয়ারা ওই বাড়ি থেকে বেরিয়ে গেলো।
সেদিন সন্ধ্যা ছটায় তিয়ারা প্রফেসর রায়ের বাড়ি গিয়েছিলো। ভদ্রলোক ভালো মানুষ বলেই মনে হলো। প্রফেসর সরকারের কিডন্যাপিং-এ উনি খুবই চিন্তিত। ওনার কাছে গিয়েও তেমন কিছু পাওয়া গেলো না। উনি এই ঘটনাটায় প্রচন্ড ডিস্টার্বড। অবশ্য উনিও প্রাচীন বাংলার ইতিহাসের ওপরই গবেষণা করছেন।
এখন অবশ্য তিয়া নিজের বাড়িতে, সঙ্গে মিমি আছে।
মিমি বললো,“প্রফেসর রায় কিন্তু খুব ভদ্র মানুষ। ডক্টর আহমেদের মতো খিটখিটে নয়।”
তিয়া বললো,“কিন্তু তিনিও এখন সাসপেক্টের লিস্টে আছেন। মোটামুটি চারজন এখন আমাদের সাসপেক্টের লিস্টে আছে। রাজীব বাবু, ডক্টর আহমেদ, প্রফেসর রায় আর প্রফেসর সরকারের চাকর মাধবদা। সৌমিদির ব্যাপারটা আলাদা। ও বাইরে থাকে, তাই ওর এখানে একটা অ্যালিবাই আছে। সৌমিদির সাথে কথা হলো। ব্যাপারটায় খুব ডিপ্রেসড। বললো, তোমরা যেভাবে পারো বাবাকে খুঁজে দাও। পুলিশের সাথেও কথা হয়েছে, সবরকমের সহযোগিতা ওরা করবে।”
তখনই তিয়ার মোবাইলে একটা ফোন আসে। তিয়া ফোনটা ধরে লাউডস্পিকারে দেয়। ওপাশ থেকে একটা ভারী কন্ঠস্বর বলে উঠলো,“প্রফেসর সরকারকে খুঁজছো! পাবে না, কোনোদিনও পাবে না।”
তিয়া বললো,“আপনি কি করে ধরে নিচ্ছেন আমরা পাবোনা? আর আপনি কে?”
“আমি কে সেটা যদি তোমাদের হিম্মত থাকে তো বের করো। কিন্তু এসব করতে গিয়ে খালি খালি বেঘোরে প্রাণটা যাবে। তার থেকে বরং মন দিয়ে পড়াশোনা করো। রাখলাম।”
তিয়া ফোনটা রেখে বললো,“একটা ফোনবুথের নাম্বার, বোঝাই যাচ্ছে।”
মিমি বললো,“এখন কি করবি? পুলিশকে জানাবি?”
“হ্যাঁ পুলিশকে তো জানাতে হবেই। আমরা তো আর একা একা এই লোকটাকে ট্রেস করতে পারবো না। আমি খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারছি। খালি কিছু প্রমাণের দরকার।”
মিমি উদগ্ৰীব হয়ে বললো,“এবার তাহলে একটু খুলে বল।”
তিয়া বললো,“সব বলবো। তার আগে বল রাত জাগতে পারবি তো? কাজ আছে একটা।”
রাত একটা বাজতে চললো। ঠান্ডা হাওয়া শনশন করে বইছে। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। অমাবস্যার রাত, চারিদিকটা অন্ধকার আর নিঝুম। হঠাৎ করে একটা ছায়া মূর্তি এসে দাঁড়ালো প্রফেসর সরকারের বাড়ির পেছনের পোড়ো বাড়ির সামনে। তার দু-তিন মিনিট পরে আরেকটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো। মনে হলো দ্বিতীয় ছায়ামূর্তিটা প্রথম ছায়ামূর্তির হাতে একটা বাক্স দিলো। ঠিক সেই মুহূর্তে অনেকগুলো টর্চ জ্বলে উঠলো। টর্চের আলোয় দেখা গেলো প্রথম ব্যক্তিটি আর কেউ নয়, প্রফেসর রায়। আর দ্বিতীয় ব্যক্তিটি রাজীববাবু।
পোড়ো বাড়ির সামনে একটা ঝোপের থেকে তিয়া মিমি উঠে আসলো।
তিয়া বললো,“থ্যাঙ্ক ইউ রাজীব বাবু। আপনাকে ছাড়া এ কেস উদ্ধার হতো না।”
রাজীব বাবু হেসে বললেন,“দ্যাটস মাই প্লেজার।”
ওই অন্ধকারে দেখা গেলো প্রফেসর রায়ের মুখটা লাল হয়ে গেছে। আর চারিদিকে ঘিরে ধরেছে প্রচুর পুলিশ।
তিয়া বললো,“তাহলে প্রফেসর রায়, হিম্মত আমাদের আছে তো? না থাকলে কিন্তু সত্যিই আপনাকে ধরা মুশকিল হতো।”
ভিড়ের ভেতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর গোলদার। এই এলাকার থানার ইন্সপেক্টর। বললেন,“তোমরা ঠিকই বলেছিলে। প্রফেসর রায়ের বাড়ি থেকে আমরা প্রফেসর সরকারকে উদ্ধার করেছি। থ্যাঙ্ক ইউ তিয়া মিমি।”
মিমি বললো,“আমরা তাহলে প্রফেসর সরকারের বাড়িতেই যাই। সেখানেই পুরোটা সমাধান হোক।”
প্রফেসর সরকারের ড্রয়িংরুম এখন জমজমাট। সেখানে এখন আছেন ইন্সপেক্টর গোলদার, ডক্টর আহমেদ, রাজীব বাবু, সৌমিদি, তিয়ার বাবা, প্রফেসর রায়, মাধবদা এবং প্রফেসর সরকার। অবশ্যই তিয়া মিমিও আছে।
তিয়া বলতে শুরু করলো,“প্রফেসর সরকার আমাদের কাছে আসেন একটি বিশেষ সমস্যা নিয়ে। বিগত কয়েকদিন ধরে ওনার কাছে কিছু চিঠি আসছিলো। ফলে ভয় পেয়েই উনি আমাদের সাহায্য নিতে আসেন। ওনার কাছে শশাঙ্কের আমলের কিছু মুদ্রা ছিলো। ছিলো বলবো কেনো, আছে। চোরাই বাজারে এর দাম অনেকটা উঠবে। আর একজন ইতিহাসবিদের কাছে তো এটার দাম অনেকটাই। এই ব্যাপারটা উনি আলোচনা করেছিলেন রাজীব বাবু, ডক্টর আহমেদ এবং প্রফেসর রায়ের সাথে। এই চারজনের একটা বড়ো মিল ছিলো। এরা চারজনেই প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে রিসার্চ করছেন। রাজীব বাবু অবশ্য এ নিয়ে পড়াশোনা করছেন আপাতত। তাই এদের প্রত্যেকের ব্যাপারেই একটু খোঁজখবর নিলাম। রাজীব বাবু আমাদের যা বলেছিলেন সবই ঠিক। এর মাঝে ডক্টর আহমেদের ব্যাপারে একটা কথা শুনলাম। আজ থেকে প্রায় ছয় বছর আগে উনি ন্যাশানাল লাইব্রেরী থেকে কোনো পুঁথি চুরি করতে গিয়ে ধরা পড়ে যান। কিন্তু তার মুদ্রার ওপর কোনো ইন্টারেস্ট নেই। কারণ তিনি মনে করতেন এই ব্যাপারটা গুজব। এমনিতেই ওনার মাথা খুব গরম, তাই মাথা ঠান্ডা করে ওনার পক্ষে এই কাজ করা সম্ভব নয়।”
এবার মিমি বললো,“এবার আসা যাক প্রফেসর রায়ের সম্বন্ধে। এমনিতে প্রচন্ড মাথা ঠান্ডার মানুষ। প্রথম দেখার পরেই খুব ভালো মানুষ বলে মনে হয়। কিন্তু ওই যে মুদ্রার কথা শুনে লোভটা চাগাড় দিয়ে উঠলো। আর তাছাড়া পাশাপাশি একটা বিজনেসও আছে, অ্যান্টিক জিনিসের। কি তাই তো!”
প্রফেসর রায় বলে উঠলেন,“এর প্রমাণ আছে তোমাদের কাছে?”
তিয়া বললো,“কেনো থাকবেনা? নিশ্চয়ই আছে। পুলিশ নিজে খবর নিয়েছে। আর আপনার অ্যান্টিক হাউজের কার্ড আপনার বাড়ি থেকেই পেয়েছি।”
মিমি বললো,“আপনি আর একটা বড়ো ভুল করেছিলেন। কিডন্যাপিং এর সময় যে চিঠিটা দিয়েছিলেন, সেটা তো আপনি নিজের হাতে লিখেছিলেন। সেই হাতের লেখা আর আপনার হাতের লেখা তো হুবহু এক। ঘরে আপনার নোটবুকটা ফেলে গিয়েছিলেন আর সেটাই আমাদের কাজে লাগলো।”
“আর আপনি সবচেয়ে বড়ো ভুলটা করেছিলেন আমাদের ওই হুমকির ফোনটা করে। আপনি যে টেলিফোন বুথ থেকে ফোন করেছিলেন সেই টেলিফোন বুথের ছেলেটি নিজে আপনার বর্ণনা দিয়েছে। আর আপনার গালের ওই বড়ো আঁচিল টা কি কেউ ভুলতে পারে! ওটা আপনার চেহারারও ব্ল্যাক স্পট আর জীবনেরও। এই বাড়ির দরজা খুলে প্রফেসর সরকারকে তুলে নিয়ে গিয়েছিলেন আপনি। সাথে অবশ্য মাধবদাও ছিলো। দরজা তো মাধবদাই খুলে দিয়েছিলো।”
মাধবদা তখন চিৎকার করে বললো,“এর প্রমাণ কি?”
মিমি তখন হেসে বললো,“সাক্ষী প্রফেসর সরকার নিজে আর প্রমাণ তোমার হাতের আচঁরটা। ধস্তাধস্তি করতে গিয়েই ওটা হয়েছে। যতোই ওটা লুকোনোর চেষ্টা করো না কেনো, আমাদের চোখে ফাঁকি দেওয়া মুশকিল।”
প্রফেসর সরকার ধরা গলায় বললেন,“মাধব আর আশুতোষ যে এটা করতে পারে আমি ভাবতেও পারছি না। আশুতোষ আমার ভাইয়ের মতো ছিলো। কিন্তু রাজীব তখন আশুতোষকে ডেকেছিলো কেনো?”
তিয়া বললো,“এর উত্তর আমি দিচ্ছি। আসলে আমিই রাজীব বাবুকে বলেছিলাম যাতে উনি ফোন করে প্রফেসর রায়কে বলেন মুদ্রাগুলো ওনার কাছে আছে। আর উনি সেগুলো প্রফেসর রায়ের কাছে বিক্রি করবেন। লোকেশন বলেছিলেন আপনাদের বাড়ির পেছনের পোড়ো বাড়িটা। একটা বাক্স নিয়ে গিয়েছিলেন, যেখানে ছিলো মাটি। রাজীব বাবু যদি না থাকতেন তাহলে খুবই মুশকিল হতো আপনাকে খুঁজে বের করা। ইন্সপেক্টর প্রফেসর রায় আর মাধবদাকে নিয়ে যান।”
পুনশ্চ- মুদ্রাগুলো প্রফেসর সরকার কোথায় লুকিয়ে রেখেছিলেন সেটা বলেননি। তবে মুদ্রাগুলো তিয়া, মিমি, তিয়ার বাবা আর অবশ্যই ডক্টর আহমেদকে দেখিয়েছিলেন। তার উজ্জ্বলতা ঠিকরে বেরোচ্ছিলো। আর তাছাড়া একটা খুশির খবর আছে।সৌমিদি আর রাজীব বাবু নিজের পায়ে দাঁড়িয়ে গেলে প্রফেসর সরকার তাদের দুজনের বিয়ে দেবেন
ঠিক করেছেন। আর নিজের গবেষণাটাও সফল ভাবে শেষ করবেন।
সৃজা ও অদৃজা সরকার
No comments:
Post a Comment