কিরাত সন্তান
রবীন বসু
অন্ধকারে বাণ ছুঁড়ি অহেতুক উল্কার প্রপাত
আমাকে আবিষ্ট করে রাত্রিচর পাখির চিৎকার
সামনে দাঁড়িয়েছেন দৃঢ় বৃক্ষ উচ্চ সারি সারি
সবুজ পাতার থেকে মায়া অন্ধকার নেমে আসে
প্রাচীন সভ্যতা-মুখ ঢাকা পড়ে আলোছায়া মাখা
বৈদিক স্তোত্রের মত উচ্চারিত নামগান জাগে
অনুমান সংক্রামক, তবুও আক্রমণ উদ্যত
নিহত শিকার যেন আমি আর আদ্যপান্ত খেলা।
অব্যর্থ লক্ষের দিকে চেয়ে থাকি, বনভূমি চুপ
আমারও দৃষ্টি বিদ্ধ কুহক আচ্ছাদিত সম্ভ্রম
কুয়াশা ঢেকেছে রাত, আমি তার হাত ধরে থাকি
বৈষ্ণবী আঁচল ওড়ে, চমৎকার প্রেম জাগে দেহে
সকাম উষ্ণতা মাখে শ্রীরাধার উরুসন্ধি বেয়ে
স্বপ্নসখা কালোধন আর আমি কিরাত সন্তান।
No comments:
Post a Comment